পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আধুনিক ওয়েবসাইট চালু করল বিএসইসি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-০৬ ১৬:৪৩:৪৫


পুঁজিবাজারের অংশীজনদের আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে নতুন ও আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার তানভীর হাবিব রহমান ও আইসিটি বিভাগের উদ্যোগে একটি প্রযুক্তি পার্টনার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় ওয়েবসাইটটি তৈরি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ ওয়েবসাইটের মাধ্যমে বিএসইসির আইন-কানুন, এনফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস রিলিজ, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধনপ্রাপ্ত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা, আইপিও/আরপিও প্রসপেক্টাসসহ কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সহজেই দেখা ও সংগ্রহ করা যাবে। পাশাপাশি নতুন ওয়েবসাইটে বিএসইসির বিভিন্ন সেবা ও সেবা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও সহজে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের স্বনামধন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ওয়েবসাইট ইন্টারফেস এবং তথ্য ও সেবা সহজে প্রাপ্তির সুবিধা রাখা হয়েছে। ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন ও সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য ও সেবা-সংক্রান্ত বিষয়াদি আরও সহজে ও দ্রুত জানতে পারবেন।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণের পাশাপাশি কমিশনের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ওয়েবসাইট চালু হওয়ায় বিএসইসির পূর্ববর্তী ওয়েবসাইট আজ থেকে বন্ধ থাকবে। নতুন ওয়েবসাইটের ঠিকানা https://sec.gov.bd

ওয়েবসাইট সম্পর্কে কোনো মতামত, পরামর্শ বা ফিডব্যাক website@sec.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানো যাবে।

বিএইচ