আরও ৪০ হাজার গৃহহীনকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১০ ১৫:১৮:২৫


চলতি মাসের (মার্চ) শেষের দিকে আরও ৪০ হাজার গ্রহহীন পরিবারের কাছে দুর্যোগ সহনীয় ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় দুর্যোগ প্রস্ত্ততি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মুজিববর্ষে ঘোষণা দিয়েছিলেন, এ দেশে কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না, প্রত্যেকের ঠিকানা হবে। সেজন্য দরিদ্র গৃহহীন মানুষকে দুর্যোগ থেকে সুরক্ষা দিতে বর্তমান সরকার দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছরে ১১ হাজার ৬০৪টি, ২০১৯-২০ অর্থবছরে ১৭ হাজার পাঁচটি, ২০২০-২১ অর্থবছরে ৬৬ হাজার ২৯১টি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে হস্তান্তর করেছে।’

এনামুর রহমান বলেন, ‘২০২১-২২ অর্থবছরে এক হাজার ১১৫ কোটি টাকা ব্যয়ে আরও ৪০ দুর্যোগ সহনীয় ঘর তৈরির কাজ চলমান রয়েছে। যেগুলো চলতি মাসের শেষে প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন। আমরা বিভিন্ন জায়গায় এ ঘরগুলো পরিদর্শনে গিয়েছি। আমরা বুঝতে পেরেছি, ঘরগুলো মানুষকে ক্ষমতায়িত করেছে, তাদের সম্মান বাড়িয়েছে। জীবনযাত্রার মান আরও উন্নত করেছে। নারীদের নিরাপত্তা ব্যবস্থা করেছে।’

সানবিডি/এনজে