নাপা সিরাপ বিক্রি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৩ ১৬:০৩:৩৬


‘নাপা সিরাপ’ খেয়ে দুই শিশুর মৃত্যুর জেরে নাপা সিরাপের (ব্যাচ নং-৩২১১৩১২১) বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। কোনো ফার্মেসি বা খুচরা মার্কেটে এই ব্যাচের কোন ঔষুধ থাকলে দ্রুত নিকটস্থ কেমিস্ট অফিসকে অবহিত করতে নিদের্শ দেওয়া হয়েছে।

রোববার (১৩ মার্চ) দুপুরে ঔষধ প্রশাসন অধিদফতরের মুখপাত্র ও পরিচালক আইয়ুব হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

এর আগে, রবিবার (১৩ মার্চ) ঔষধ প্রশাসন অধিদফতরের এক অফিস আদেশে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের প্যারাসিটামল ১২০ মিলি গ্রাম ও ৫ মিলি গ্রাম সিরাপের (ব্যাচ নং ৩২১১৩১২১) দেশব্যাপী পরীক্ষার নির্দেশ দেয় ঔষুধ প্রশাসন অধিদফতর।

কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ সেবন করে’ একই পরিবারের দুই শিশু মৃত্যু বরণ করে। এই ঘটনায় নড়েচড়ে বসে ঔষধ প্রশাসন অধিদফতর। দেশের সব পাইকারী ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ দিয় প্রতিষ্ঠানটি।

এমতাবস্থায় দেশের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাকে নিজ নিজ এলাকায় পাইকারী ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ব্যাচের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করে প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরটরিতে পাঠানোর নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।

এএ