প্রবীর সরদারের প্রথম গ্রন্থ ‘যা কিছু সঞ্চয়’ প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১৬ ১০:০১:১০
প্রবীর সরদারের ‘যা কিছু সঞ্চয়’ বইটি তার সব সঞ্চয় নয়। ১৯৮২ সালে খুলনা শহরে কলেজে ভর্তির পরই তার সাহিত্যচর্চা শুরু। এর পাশাপাশি সম্পৃক্ত হন প্রগতিশীল ছাত্র আন্দোলনে। ঢাকায় এসে জড়িত হন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাথে। সুস্থ ও প্রগতিশীল সংস্কৃতিচর্চার পাশাপাশি অংশগ্রহণ করেন স্বৈরাচারবিরোধী সংগ্রামে। ২০১২ সালে তিনি উদীচীর সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন। তাই তার গল্প, কবিতা আর গানে দেখতে পাই একই সঙ্গে প্রেম, প্রতিবাদ আর সংগ্রামের অপূর্ব সমাহার।
প্রবীর সরদারের ‘যা কিছু সঞ্চয়’ বইটিতে চারটি ভাগ রয়েছে। “অণুগল্প” অংশে আছে পাঁচটি সুলিখিত অণুগল্প এবং বাংলাদেশের এক করুণ বাস্তব ঘটনা নিয়ে একটি কাব্যালেখ্য।
“কবিতা” অংশে থাকছে নানা স্বাদের ৪২ টি কবিতা। “গান” অংশে আধুনিক গান, দেশগান, বঙ্গবন্ধুকে নিয়ে গান গণসংগীত মিলিয়ে ৯০ টি গীতিকবিতা।
শেষ ভাগ “ছড়া”। এক ঝুড়ি সুখপাঠ্য ছড়ার সমাবেশ।
প্রবীর সরদারের বেশিরভাগ রচনাতেই তার রাজনৈতিক সচেতনতার স্বাক্ষর রয়েছে।
তার গীতিকবিতার ভূয়সী প্রশংসা করেছেন সুরকার কল্যাণ সেন বরাট, শুভেন্দু মাইতি, তুহিন দত্ত,মেঘ,আজমল হোসেন,আরিফ রানা,অনুপম হালদার, দিদারুল করিম সহ আরও অনেকে এবং কণ্ঠ শিল্পী হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী প্রমুখ। মন্তব্য করেছেন-‘বাংলা গীতিকবিতার আকালের যুগে প্রবীর সরদারের রচনা নিঃসন্দেহে আশাজাগানিয়া।
প্রবীর সরদারের “যা কিছু সঞ্চয়” বইটির বহুল প্রচার কামনা করি।
-মাহমুদ সেলিম
প্রবীর সরদার। জন্ম উনিশে আগস্ট ১৯৬৬ সালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের এক সম্ভ্রান্ত সাংস্কৃতিক পরিবারে। ১৯৮২সালে গ্রাম থেকে এসএসসি পাশ করার পর খুলনা শহরে পদার্পণ এবং সাহিত্য চর্চা শুরু । কবিতা, গল্প লেখার পাশাপাশি জড়িয়ে পড়েন প্রগতিশীল ছাত্র আন্দোলনে। সুস্থ সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে স্বৈরাচারবিরোধী সংগ্রামে যুক্ত হন পতন অবধি। শিক্ষা পর্ব শেষ করে ঢাকায় চলে আসেন। উদীচীর পাশাপাশি পথনাটক পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই এর সকল কাজে যুক্ত হন এবং নেতৃত্ব দেন নানা পর্যায়ে। ২০১২ সালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন, বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। একজন গীতিকার ও গীতিকবি হিসেবে দুই বাংলার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।এটি তার প্রকাশিত প্রথম গ্রন্থ ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














