মানসনদ ছাড়া পণ্য বিক্রি,দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইর জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৬ ২০:১০:৩৮


পণ্যের অনুকূলে মানসনদ না নিয়ে সেগুলো বিক্রি ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। প্রতিষ্ঠান দুটি হলো মর্ডান ইলেট্রিক ওয়ার্কস লিমিটেড ও আর পি এন্টারপ্রাইজ।

বুধবার (১৬ মার্চ) ঢাকা মহানগরীর কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্যানেটারি ট্যাপ ওয়্যার, শ্যাম্পু, স্কিন পাউডার ও লোশনের অনুকূলে সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শুনানি করে মর্ডান ইলেট্রিক ওয়ার্কস লিমিটেডকে ৭০ হাজার টাকা ও আর পি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআইর ফিল্ড অফিসার (সিএম) রাশেদ আল মামুন ও খালেদ হোসেন তাকে সহযোগিতা করেন।

সানবিডি/এনজে