আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১৭ ১৫:৫৯:১২


ভারত মহাসাগরের দক্ষিণপশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়া বিশেষজ্ঞরা এ কথা জানিয়েছেন। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আসানি’। নামটি শ্রীলঙ্কার দেওয়া।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম ‘আসানি’ দেওয়া হবে। ২১শে মার্চ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২২শে মার্চ পর্যন্ত উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। ২৩শে মার্চ সকালে এটি বাংলাদেশের কাছকাছি ও মিয়ানমারের উত্তরাঞ্চলে পৌঁছে যাবে।

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট সিস্টেমটি (লঘুচাপ) আমরা পর্যবেক্ষণে রেখেছি। এটি আরও ঘণীভূত হতে পারে। এর বিষয়ে সুনির্দিষ্ট করে বলতে আরও সময় লাগবে। এখনো অনেক দূরে।’

শাহীনুল ইসলাম বলেন, ‘আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বরিশাল, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর ও সিলেট জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।