ভোজ্যতেল উৎপাদনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২২ ১৯:০৬:০৮


ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সয়াবিন, সরিষাসহ তেল জাতীয় শষ্য উৎপাদনে জোর দিতে বলেছেন তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে তৈলবীজ উৎপাদনে আরও গবেষণা করতে হবে। এজন্য কৃষকদের উৎসাহ দিতে হবে। মূলত ভোজ্যতেল আমদানি কমিয়ে দেশেই সয়াবিন, সূর্যমুখী, বাদামসহ বিভিন্ন তৈলবীজ উৎপাদন বাড়াতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২০ কোটি টাকা ব্যয় করা হবে।