‘৪০০০ বছর আগে স্বাধীন হইনি কেন? কারণ বঙ্গবন্ধু ছিলেন না’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৭ ২০:৪২:৫৯
বাঙালিদের এ অঞ্চলে বসবাসের ইতিহাস চার হাজার বছরের। তাহলে আমরা কেন চার হাজার বছর আগে স্বাধীন হইনি? কারণ তখন বঙ্গবন্ধু ছিলেন না। এই সমগ্র বাঙালি জাতিকে চার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে তার স্বর্ণ সঞ্চালনী সন্তানের জন্য।
রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত হল প্রিমিয়ার লীগের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ।
এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মো. আবু কাউসারসহ হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, আমরা কেন দুই হাজার বছর আগে স্বাধীন হইনি? আমরা কেন এক হাজার বছর আগে স্বাধীন হইনি? ইউরোপ এক হাজার থেকে বারোশ বছর আগে স্বাধীনতা শুরু করে। যদি আমরা এক হাজার বছর আগে স্বাধীন হতাম তাহলে আমরা হয়তো ইউরোপের উপরে থাকতাম। আমরা কেন পাঁচশ বছর আগে স্বাধীন হইনি? আমরা কেন দুইশত বছর আগে স্বাধীন হইনি? আমরা কেন একশ বছর আগে স্বাধীন হইনি? কারণ চার হাজার বছর আগে বা এক হাজার বছর আগে কিংবা পাঁচশ বছর আগে আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন না। এই সমগ্র বাঙালি জাতিকে চার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে তার স্বর্ণ সঞ্চালনী সন্তানের জন্য।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির জন্য ঈশ্বরপ্রেরিত। তাকে বিশেষভাবে ঈশ্বর এ বদ্বীপে পাঠিয়েছেন এ বদ্বীপের হাজার বছরের নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত, অপমানিত জাতিকে উদ্ধার করার জন্য, ত্রাণকর্তা হিসেবে।
শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়ে আইজিপি বলেন, যে যতবেশি মেধাবী সে ততবেশি ভাল রাজনীতিবিদ। আর যে যত ভালো রাজনীতিবিদ তার থেকে দেশ তত বেশি পেতে পারে। যার জন্য খুব বেশি জনগণের দরকার নেই। বাঙালি জাতি চার হাজার বছর যা করতে পারেনি বঙ্গবন্ধু তা ২৪ বছরের সংগ্রামের মাধ্যমে করেছেন। পঞ্চাশ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুতনয়া তার একক নেতৃত্বে মাত্র ১৪ বছরে যে বিস্মকর পরিবর্তন হয়েছে তাতে কী প্রতীয়মান হয়? পরিবর্তনের জন্য যোগ্য লোকের হাত প্রয়োজন। যদি কান্ডারি হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














