রাজধানীর দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই’র ৫৫ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৮ ২১:১২:১৬


বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পণ্যের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ব্যতীত পণ্য বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

আজ সোমবার (২৮ মার্চ) ঢাকা মহানগরীর রমনা থানার মগবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আফসানা হোসেন।

নাফিসা নাজ নীরা বলেন, বিএসটিআই আইন-২০১৮ অনুসারে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাধ্যতামূলক আমদানিকৃত ‘প্রোটেকটিভ হেলমেটস ফর স্কুটার অ্যান্ড মোটর সাইকেল রাইডারস’ পণ্য ছাড়পত্র/অনুমোদন ব্যতীত বিক্রয়-বিতরণের অপরাধে মেট্রো স্পোর্টস বিডি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, বাধ্যতামূলক ‘লিকুইড ডিসওয়াশ, অ্যালকোহল বেজড হ্যান্ড স্যানিটাইজার’ পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও আমদানিকৃত বিভিন্ন খাদ্যদ্রব্য ও প্রসাধনসামগ্রীর অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় ও বাজারজাতের অপরাধে জেড অ্যান্ড জেড ফার্মাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আলামত হিসেবে ৮টি নমুনা জব্দ করা হয়।

এছাড়া একই এলাকার আলিজা মার্ট নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে বিক্রিত মোটর সাইকেলের সঙ্গে উপহার হিসেবে প্রদত্ত ‘প্রোটেকটিভ হেলমেট’ পণ্যের গুণগত মান নিশ্চিত হয়ে আমদানির পরামর্শ দেওয়া হয় বলেও জানান বিএসটিআইর এ নির্বাহী কর্মকর্তা।

সানবিডি/এনজে