মেয়েদের নিয়ে বাসায় ফেরা হলো না সাবিনার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-২৯ ১৬:৫৫:৪৫


রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ওই নারীর দুই মেয়েও আহত হয়। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাষানটেক থানার মিরপুর-১৪ তে অবস্থিত ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম মোছা. সাবিনা ইয়াসমিন (৩১)। তিনি তার দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে ট্রাস্ট পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে সাবিনাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত দুজন- ওহী (১০) ও রাহী (৮) বিএন স্কুলের শিক্ষার্থী।

এ ব্যাপারে নিহতের ভাই মামুন জানান, আমার বোন দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ব্যাটারি চালিত রিকশায় ওঠেন। হঠাৎ একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে আমার বোন মাটিতে ছিঁটকে পড়ে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় আমার দুই ভাগ্নি সামান্য আঘাত পাওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মামুন জানান, নিহত সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়। তিনি অবসরপ্রাপ্ত নেভি কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্ত্রী। দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকার বিআরবি কলোনিতে থাকতেন।