রোহিঙ্গাদের জন্য ৮৮ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৩-২৯ ১৯:৫০:১২


মিয়ানমার থেকে বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক কর্মকাণ্ডের জন্য চলতি ২০২২ সালে ৮৮ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) ২০২২ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) কক্সবাজার ও ভাসান চরে অবস্থিত প্রায় ৯ লাখ ১৮ হাজার রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশেপাশে থাকা প্রায় ৫ লাখ ৪০ হাজার বাংলাদেশি মিলিয়ে মোট প্রায় ১৪ লাখ মানুষের সহায়তার জন্য এই অর্থ চাওয়া হয়।

এই প্রথমবার জেআরপি-তে ভাসান চরের রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ২৬ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীকে সেখানে স্থানান্তর করা হয়েছে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘গত বছর জাতিসংঘ ৯৪ কোটি ৩০ লাখ ডলার চেয়েছিল এবং বিভিন্ন বন্ধু ও দাতা রাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল ৬৭ কোটি ৫ লাখ ডলার। গত বছরের তুলনায় এ বছর জেআরপির পার্থক্য হচ্ছে— ভাসানচর নিয়ে যে সমস্যা ছিল, সেটি এবার দূর হয়েছে এবং এ বছরের ৮৮ কোটি ডলারের মধ্যে ভাসানচরের জন্য ১০ কোটি ডলার আলাদা করে রাখা হয়েছে।’

বাংলাদেশ সরকারের নেতৃত্বে ২০২২ সালের জেআরপি অনুযায়ী কাজ করবে ১৩৬টি সংস্থা, এর মধ্যে ৭৪টি হচ্ছে বাংলাদেশি বিভিন্ন সংস্থা ও সংগঠন।

বর্তমানে যখন বিশ্বব্যাপী বাস্তুচ্যুতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ইউএনএইচসিআর ও অংশীদার সংস্থাগুলো নিশ্চিত করতে চাচ্ছে, যেন পৃথিবী রোহিঙ্গাদের মানবিক সংকটকে ভুলে না যায়। সেজন্য শরণার্থীদের ও তাদের আশে-পাশে থাকা স্থানীয় জনগণের প্রয়োজন মেটাতে চলমান অর্থায়ন ও সহায়তা নিশ্চিত করা অত্যাবশ্যক।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জেআরপিতে যা চাওয়া হয় সেটির ৭০ শতাংশের বেশি গত বছর পাওয়া গিয়েছিল। অন্যান্য বছরের চিত্রও একইরকম। গত একবছরে বিশ্বে কয়েকটি সংকট তৈরি হয়েছে। আমরা চাই, রোহিঙ্গা সংকট যেন হারিয়ে না যায়।’

সানবিডি/এনজে