সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-১৬ ১৪:৫৯:১৬


৭৫ পরবর্তী সরকারগুলো নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, আর শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম, প্রতিবন্ধী ও অসহায়দের মধ্যে ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঘাতকের আঘাতে নিহত উমামা বেগম কনকের পরিবার ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে যা করেছিলো তা জনগণ এখনও ভুলে যায়নি। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিলো বহুদলীয় ছদ্মবেশী তামাশা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, যে নিজে সংসদ সদস্য হয়ে সংসদে যায়নি, তার মুখে গণতন্ত্রের কথা মানায় না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

পরে এতিম, প্রতিবন্ধী ও বিভিন্ন অসহায়দের মধ্যে ইফতার সামগ্রি বিতরণ এবং নিহত কনকেের স্বজনদের মধ্যে আার্থিক সহযোগিতা প্রদান করেন নের্তৃবৃন্দ।