মাল্টার ভিতরে ১৩০০ পিস ইয়াবা, আটক ১
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৭ ২০:৫০:৪১
রাজধানীর শান্তিনগরে মাল্টা ফলের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা বহনকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আয়াছ।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭: ৪৫ টায় পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া জানান, একজন মাদক ব্যবসায়ী শান্তিনগর এলাকার গ্রীন হোমিও হল এর সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেফতার করা হয়। এসময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা ফল দেখতে পাওয়া যায় এবং এ মাল্টাগুলোর ভিতর সে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আয়াছ সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টল মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














