গুলশানে আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-৩০ ১১:৫০:৪৮
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশানে আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বহু মানুষের অংশগ্রহণে জানাজাটি সম্পন্ন হয়। তবে সংসদ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ২টায় তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হবে সিলেটে।
কীর্তিমান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, বহুমাত্রিক প্রতিভার অধিকারী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ মুহিতকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন তিনি। গত ৫ মার্চ রাজধানীর বনানীর বাসায় তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তারা মুহিতের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














