২ লাখ ৪৬ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৭ ১৪:৩৩:৫৫


আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। মঙ্গলবার (১৭ মে) এনইসি সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার মূল এডিপির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা অথবা কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে ৯ হাজার ৯৩৭ কোটি টাকা। সব মিলিয়ে আগামী অর্থবছরের এডিপি’র আকার দাঁড়াচ্ছে দুই লাখ ৫৬ হাজার তিন কোটি টাকা। এই হিসাবে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট চলতি সংশোধিত এডিপির চেয়ে ১৭ শতাংশ বেশি।

তিনি বলেন, এই উন্নয়ন বাজেটের মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৬০ হাজার ১৭০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ৯৫ হাজার ৮৩৩ কোটি টাকা পাওয়া যাবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, এনইসি সভায় আরও একটা বিষয় গুরুত্ব পেয়েছে। সেটা হলো অপচয় রোধ করতে হবে। এটা ভয়ের কোনো ব্যাপার নয়। জনগণের অর্থ ব্যয়ে সাশ্রয়ী হতে হবে। পিএম কিছু নির্দেশনা দিয়েছেন, সরকারি বেসরকারি খাতে সাশ্রয়ী হতে হবে। পানি ও বিদ্যুতে সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী ভ্রমণের বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন। সুতরাং সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে।

মন্ত্রী আরও বলেন, সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে অপচয় করা যাবে না। কোনো মতেই অপচয় করা যাবে না। এটা ভয়ের কোনো বার্তা নয়। কারণ সম্পদ সবারই সীমিত। অহেতুক সম্পদ অপচয় করার মানে নেই। শুধু অপচয় রোধ নয়, জনগণের জন্য দেশের জন্য প্রকল্প আগে নিতে হবে। ব্যয়ে ঘাটতি সবার থাকবে। কারো অফুরন্ত সম্পদ নেই। গুরুত্বপূর্ণ প্রকল্প আগে নিতে হবে। অহেতুক বাড়াবাড়ি করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

কোন খাত কত বরাদ্দ

১. পরিবহন ও যোগাযোগ; সর্বোচ্চ ৭০ হাজার ৬৯৫ কোটি ৫২ লাখ টাকা। যা মোট বরাদ্দের প্রায় ২৯ শতাংশ।

২. বিদ্যুৎ ও জ্বালানি; দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ৪১২ কোটি টাকা। যা মোট বরাদ্দের ১৬ শতাংশ।

৩. শিক্ষা; তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ৮১ কোটি টাকা ৩৮ লাখ টাকা। মোট বরাদ্দের প্রায় ১২ শতাংশ।

৪. গৃহায়ন ও গণপূর্ত; ২৪ হাজার ৪৯৭ কোটি টাকা। যা মোট বরাদ্দের প্রায় ১০ শতাংশ।

৫. স্বাস্থ্য; প্রায় ১৯ হাজার ২৭৮ কোটি টাকা। যা মোট বরাদ্দের প্রায় ৮ শতাংশ।

৬. স্থানীয় সরকার; ১৬ হাজার ৪৬৫ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৬ দশমিক ৬৯ শতাংশ।

৭. কৃষি; ১০ হাজার ১৪৩ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৪ দশমিক ১২ শতাংশ।

৮. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ ৯ হাজার ৮৫৯ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৪ শতাংশ।

৯. শিল্প; ৫ হাজার ৪০৭ কোটি টাকা। যা মোট বরাদ্দের ২ দশমিক ২০ শতাংশ।

১০. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি; ৪ হাজার ১৬৭ কোটি টাকা। যা মোট বরাদ্দের ১ দশমিক ৭০ শতাংশ।