ডিএনসিসির এডিস মশা নির্মূল অভিযান: ৭ লাখ জরিমানা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৭ ১৮:০৬:১৫
রাজধানীতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে আজ (১৭মে) থেকে দশ দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক সংলগ্ন এলাকায় দশ দিন ব্যাপি বিশেষ মশা নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা।
এসময় সেলিম রেজা বলেন, “মাননীয় মেয়র মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে যেকোনো ভবনে, নির্মাধীন বাড়িতে, সরকারি বেসরকারি বা আধাসরকারী যেকোনো প্রতিষ্ঠানে এমন কি সিটি কর্পোরেশনের কোনো অফিসে মশার লার্ভা পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। লার্ভা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১১মে সকালে রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা (ডেঙ্গু ও এডিস) নিধন কর্মসূচির ঘোষণা দেন। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগেঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমান, স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্য উর্ধতন কর্মকতাবৃন্দ।
এছাড়াও অঞ্চল-১ এর আওতাধীন ১নং ওয়ার্ডের উত্তরা সেক্টর নং ৪, ৬, ৮ এবং ওয়ার্ড ১৭ এর নিকুঞ্জ-১,২ ও জামতলা, টানপাড়া এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন মোবাইল কোর্ট পরিচালনার করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাসা বাড়ী ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাঁড়ে কিউলেক্স মশক বিরোধী অভিযান ও সমন্মিতভাবে এডিশ বিরোধী অভিযানে ৫টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২টি নিয়মিত মামলা করা হবে।
অঞ্চল-৬ এর ৫১ নং ওয়ার্ডের উত্তরা সেক্টর-১১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন অভিযান করেন। অভিযান পরিচালনাকালে ২ টি স্থানে মালিকবিহীন পরিত্যক্ত টায়ারে ও ২ টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। লার্ভা প্রাপ্তি স্থানসমূহের লাভা ধ্বংস করে লার্ভা প্রাপ্ত ২ জন ভবন মালিককে ২টি মামলায় পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














