পি কে হালদারকে দেশে আনতে ইন্টারপোলে ফের চিঠি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৮ ২০:৪০:৩৩
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার পি কে হালদারকে দেশে ফেরত আনতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থার (ইন্টারপোল) কাছে আবারও চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ইন্টারপোলের ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ডেস্কের মাধ্যমে ভারতের নয়াদিল্লির এনসিবি ডেস্কে চিঠিটি পাঠানো হয়। দুদক সূত্রে এই খবর জানা গেছে।
ভারতে পাচারকরা সম্পদের খোঁজ করে তথ্য সরবরাহ করার অনুরোধ জানিয়ে শিগগির বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি পাঠানো হবে বলে জানায় দুদক।
জানা গেছে, পি কে হালদারকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২০২০ সালের ৮ জানুয়ারি প্রথম ইন্টারপোলে চিঠি পাঠায় দুদক। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ১০ জানুয়ারি ইন্টারপোল পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। এরপর ১৪ মে পি কে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তারের পরদিন ১৫ মে ইন্টারপোলের ঢাকা ডেস্ক থেকে নয়াদিল্লি ডেস্কে আরও একটি চিঠি পাঠানো হয়। বিদ্যমান পরিস্থিতিতে দুদক বুধবার ইন্টারপোলের কাছে আরও একটি চিঠি পাঠালো।
দুদক সূত্র জানায়, পি কে হালদারের মাধ্যমে ভারতে পাচার করা সম্পদের খোঁজ করতে বিএফআইইউর সহায়তা চাইবে দুদক। দেশটিতে তার নামে স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেলে পরে কমিশন আইনি প্রক্রিয়ায় অর্থ-সম্পদ ফেরত আনার কাজ শুরু করবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














