বিচারিক আদালতে হাজী সেলিমের আত্নসমর্পণের আবেদন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-২২ ১২:২৬:৫৭


দুর্নীতির মামলায় ১০ বছর দণ্ডিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণের আবেদন করেছেন। আবেদনের শুনানি দুপুর ২টায় শুরু হবে।

রোববার সকাল সাড়ে ১০টার পর ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে তিনি এ আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইদুল ইসলাম শাহীন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৫ এপ্রিল সংসদ সদস্য হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে হাজি সেলিম আজ বিচারিক আদালতে আত্মসমপর্ণ করতে যাচ্ছেন।

গত ২ মে দণ্ড মাথায় নিয়ে হাজি সেলিম থাইল্যান্ড গেলে তা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে ৫ মে দুপুরে দেশে ফিরে আসেন হাজি সেলিম। তখন জানিয়েছিলেন, শিগগিরই আদালতে আত্মসমর্পণ করবেন তিনি।

আইনে বিকল্প পথ না থাকায় শেষ পর্যন্ত কারাগারে যেতেই হচ্ছে হাজি সেলিমকে।

সানবিডি/এনজে