করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৩ ১৭:৪৬:০৮
২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৯ হাজার ১৩০ জনের মৃত্যু হলো। এর আগে টানা ৩০ দিন পর ২১ মে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জনের করোনা শনাক্ত হলো।
বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














