দেশে সবুজ পোশাক কারখানা এখন ১৬১টি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৫ ২১:৪৭:৩৮


পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড সনদ দেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবি)। এই লিড সনদ পেল দেশের আরও একটি পোশাক কারখানা। মেট্রো নিটিং অ্যান্ড ডায়িং নিট ফ্যাক্টরি-২ নামে এ কারখানাটি ঢাকা অঞ্চলের। লিড ক্যাটাগরি গোল্ড।

গত সোমবার এই সনদ পেয়েছে কারখানাটি তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সূত্রে নতুন এই দুই কারখানার তথ্য জানা গেছে। নতুন এ কারখানাটিসহ দেশে এখন লিড সনদের কারখানার সংখ্যা দাঁড়ালো ১৬১টি। পোশাক শিল্পে লিড সনদপ্রাপ্ত কারখানা বাংলাদেশেই সবচেয়ে বেশি।

বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও এই সনদ দিয়ে থাকে ইউএসজিবি। বিশেষত, শিল্প কারখানার ভবন নির্মাণ থেকে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত ছোট-বড় সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি কতটা মানা হলো তা কঠিন তদারকি এবং চুলচেরা বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে এ সনদ দেওয়া হয়।

লিড সনদের সুবিধা সম্পর্কে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, সবুজ কারখানায় উৎপাদিত পোশাকের গায়ে একটি গ্রিন ট্যাগ সংযুক্ত থাকে। এর অর্থ পণ্যটি সবুজ কারখানায় উৎপাদিত। সাধারণ ভোক্তার কাছে এর আলাদা কদর আছে। বিদেশি বড় বড় ব্র্যান্ড এবং ক্রেতা আস্থা বাড়ে এতে। ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে এগিয়ে থাকা যায়। দেশের এবং পোশাক খাতের ব্র্যান্ড ইমেজ বাড়ে।

এএ