কোরবানির ঈদে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্ববান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৮ ১৯:১৮:০২


এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধরী বাবু কোরবানির ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার-নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার (২৮ মে) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষ তদারকি করার নির্দেশনাও দেন তিনি।

এ সময় তিনি আরও জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মসলা সংকটের কোনও তথ্য পাওয়া যায়নি। যদি কোনও ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ করবে।

এছাড়া, চিনি, লবণ, আটা, ময়দার ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিল-মালিকদের আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এছাড়াও, বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি ইত্যাদি খাতভিত্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টানানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা পরিচালনা করতে সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান তিনি।

এসময় তিনি ১৫ দিন পর পর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করেন।

মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান (বাবুল) জানান, যেসব দোকানি পণ্য মজুত ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতেও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতেও ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যান্যরা।

সানবিডি/এনজে