কক্সবাজারে বঙ্গবন্ধু লবণ ইনস্টিটিউট করা হবে: শিল্পমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-২৮ ২১:০০:০২


বর্তমানে সরকার মাঠ পর্যায়ে লবণের মূল্য নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে বলেছেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, বর্তমান সরকার মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় লবণ উৎপাদনের প্রাণ কেন্দ্র কক্সবাজারে বঙ্গবন্ধু লবণ ইনস্টিটিউট করা হবে। সেই সাথে স্থাপন করা হবে লবণ বোর্ডও। লবণ ইনস্টিটিউটের মাধ্যমে লবণ চাষিদের উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ফলে এখানকার লবণ চাষিরা আর অবহেলিত থাকবে না।

আজ শনিবার দুপুরে কক্সবাজারের স্থানীয় একটি তারকা মানের হোটেলের বলরুমে আয়োজিত সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ উৎপাদন শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প সংস্থা বিসিক এবং ইউনিসেফের সহায়তায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সানবিডি/এনজে