‘কুসিক নির্বাচনে কোনো কারচুপি হবে না’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৯ ১৬:৫৩:১৩
কুসিক নির্বাচনে কোনো কারচুপি হবে না বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেছেন, যারা ভাবছেন পেশিশক্তির মাধ্যমে জয় লাভ করবেন তারা ভুল করছেন।
তিনি বলেন, অনিয়ম করলে বাতিল হতে পারে প্রার্থিতা, এমনকি ভোটের পরেও কারচুপির অভিযোগ প্রমাণিত হলে ইসি ভোট বাতিল করবে।
রোববার (২৯ মে) সকালে কুসিক নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন বাতিল বা অভিযুক্ত ব্যক্তির প্রার্থীতা বাতিল করতে পারে ইসি। কুমিল্লায় যেনো এমন কিছু করতে না হয় বলেও হুঁশিয়ার করেন এ নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার বলেন, ভোটের পরও যদি কারচুপির কোনো প্রমাণ মেলে তখনও ভোট বাতিল করা হবে। এর আগে, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে ইসির তদারকি বাড়ানোর আহবান জানান প্রার্থীরা।
সিইসি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলার কারণে ভোট ভণ্ডুল হলে দায় নিতে হবে পুলিশকে। সফল হলে ৯৯ শতাংশ প্রসংশার দাবি তাদের। এ সময় পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদারকি করতে পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, মতবিনিময়ে উপস্থিত ছিলেন না আওয়ামী লীগ প্রার্থী। তার প্রতিনিধি বলেন, অহেতুক অভিযোগ যেন কেউ না করে তা খতিয়ে দেখতে হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














