ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-৩১ ১৪:৪৪:২০
দেশের বিভিন্ন এলাকায় ধান ও চালের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ দল। আটটি দলে এই কার্যক্রম পরিচালিত হবে।
আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি ঠেকাতে অ্যাকশনে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কেউ অবৈধভাবে চাল মজুত করলে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি। এ ছাড়া অনুমোদন না নিয়ে চালের ব্যবসায় আসা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার ইসলাম সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে মার্কেট মেকানিজম নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এই ভরা মৌসুমে চালের কেন দাম বেশি, আমাদের গোয়েন্দা সংস্থার কিছু রিপোর্ট এবং সাজেশন ছিল। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের মার্কেট সার্ভে করে দ্রুত অ্যাকশনে যেতে বলা হয়েছে। কেন দাম বাড়বে এবং কোথায় কোথায়, কে চাল মজুত করেন তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কিছু আমদানিকারক আছেন, তারা যে কাজ করছেন, সেটা তাদের মেমোরেন্ডাম অব এসোসিয়েশন নেই। এতে বলা আছে, কী কী করা যাবে। কিন্তু মনে হচ্ছে, কেউ কেউ তা উপেক্ষা করে চালের ব্যবসায় নেমে গেছেন। সে জন্য বাজার খুবই নিবিড়ভাবে পরিবীক্ষণ ও তদারক করে কেউ যদি এটি করে থাকেন এবং কত দিন মজুত রাখতে পারবেন, সেগুলো দেখার জন্য বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য ও খাদ্য সচিব এবং কৃষি সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের দ্রুত বাজারে জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














