‘সীতাকুণ্ডের ঘটনা দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-০৫ ২০:৩৪:৩০


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে।

রোববার (৫ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি দুর্ঘটনা নাকি নাশকতা সেটিও খতিয়ে দেখা হবে। কারণ এত বড় একটি ঘটনা ঘটেছে, এটি সত্যিকার অর্থে দুর্ঘটনা নাকি নাশকতা সেটি খতিয়ে দেখা প্রয়োজন।

মন্ত্রী বলেন, দুর্ঘটনা ঘটার আগে খতিয়ে দেখার সুযোগ নেই। তাদের সব কমপ্লায়েন্স ছিল কি না সেটি অবশ্যই খতিয়ে দেখা হবে। তারা সব কমপ্লায়েন্স করে প্রতিষ্ঠান পরিচালনা কি না সেটি অবশ্যই খতিয়ে দেখা হবে। যদি তাদের কমপ্লায়েন্স না থাকে সে ক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবে। কমপ্লায়েন্স থাকার পরও যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তে বেরিয়ে আসবে।

ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রোববার দুপুর সোয়া ২টা পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তথ্য কেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে। প্রশাসনের একটি চার্টে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২০০ জন।

নিহতদের মধ্যে আটজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের অন্তত ২০ জনসহ দুই শতাধিক লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিখোঁজ রয়েছেন অনেকে।