পদ্মা সেতু নিয়ে সমালোচনাকারীদের দেশপ্রেম নেই: এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-১০ ১৬:২৯:৩১


যারা পদ্মা সেতু নিয়ে সমালোচনা করে তাদের দেশ প্রেম নেই। তারা জাতির শত্রু। কারণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। প্রমাণ হয়েছে বঙ্গবন্ধুর বীরকন্যা জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেন তা বাস্তবে পালন করেন।

শুক্রবার (১০ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতুর আরেক নাম শেখ হাসিনার সাহসের প্রতীক। পদ্মা সেতুর আরেক নাম বাংলাদেশের সক্ষমতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। পদ্মা সেতু হচ্ছে দাবিয়ে না রাখার প্রতীক। পদ্মা সেতু বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্ববাসী প্রশংসা করছে।

উপ-মন্ত্রী শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ২০০১ সালের ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে মাওয়া ফেরিঘাটের কাছেই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। কিন্তু সেতুটির নির্মাণকাজ থমকে যায় বিএনপির রাজনৈতিক হীনমন্যতার কারণে। এখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছেন, খালেদা জিয়া নাকি পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন। অথচ তাদের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা বলেছেন, খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেনি। বিএনপির কাজই মিথ্যাচার করা।

সাংবাদিকদের উদ্দেশে এনামুল হক শামীম বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলাই হচ্ছে সাংবাদিকদের কাজ। সমালোচনার জন্য সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করলে সরকার সংশোধনের সুযোগ পায়। কিন্তু মিথ্যা ও ভুয়া তথ্য জনগণের কাছে তুলে ধরলে গণমাধ্যমেরই ক্ষতি হয়।সাংবাদিকরা রাজনীতিবিদদের পরমবন্ধু। দুঃসময়ে আমাদের পাশে থাকেন।

উপ-মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিক বান্ধব সরকার। আওয়ামী লীগ সরকারই একমাত্র সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে। অন্যরা সাংবাদিকদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে।

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি মোজাম্মেল হক চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, শরীয়তপুর সমিতি ঢাকার সভাপতি আনিছুর রহমান পাহাড়। বক্তব্য রাখেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, রাজু আলীম, বর্তমান সহসভাপতি আব্দুস সালাম, বেনজির আহমেদ, রেজাউল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম, বোরহান উদ্দিন, দফতর সম্পাদক এফ রহমান রুপক প্রমুখ।