ভাইবোনের মৃত্যু আঘাতজনিত কারণে
আপডেট: ২০১৬-০৩-০১ ১৬:৪১:০০
আঘাতের কারণেই রাজধানীর বনশ্রীর দুই ভাইবোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস। মঙ্গলবার শিশু দুটির ময়নাতদন্তের পর তিনি এ তথ্য জানান।
প্রদীপ বিশ্বাস জানান, শিশুদের ময়নাতদন্ত শেষ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে থুতনি, চোখ ও হাতে রক্ত জমে লাল হয়ে ছিল। দুই শিশুর জিহ্বা দাঁতের সঙ্গে কামড় লেগে ছিল। এটা বিষক্রিয়ায় হওয়া সম্ভব নয়। অবশ্যই আঘাতজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে রাসায়নিক (ভিসেরা) সংগ্রহ করা হয়েছে। এসব পরীক্ষার জন্য মহাখালীতে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। ওই দুই শিশুর বাবা মো. আমান উল্লাহ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের গ্রামের বাড়ি জামালপুরে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন শিশুদের স্বজনরা।
রামপুরা থানা পুলিশ জানায়, এখনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে আজ (মঙ্গলবার) মামলা হতে পারে।
গতকাল সোমবার দুই ভাইবোন নুসরাত আমান (১২) ও আলভী আমানকে (৬) অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণি ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারির শিক্ষার্থী।
আটক ৩ : এ ঘটনায় রামপুরার কান্ট চায়নিজ রেস্টুরেন্টের ম্যানেজার মাসুদুর রহমান মাসুদ, প্রধান বাবুর্চি আসাদুজ্জামান রনি ও সহকারী বাবুর্চি আতাউর রহমানকে আটক করেছে রামপুরা থানা-পুলিশ। তাদের দুই ভাইবোনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের রামপুরার ওই রেস্টুরেন্ট থেকে আটক করা হয়েছে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














