আরও ১০৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১২ ১৮:৫৯:১৩


গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে।

তবে গত একদিনে করোনায় কারো মৃত্যু না হওয়ায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

রোববার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।