‘অন্তত একটি করে গাছ লাগান’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৫ ১১:১৭:২৯
গাছ লাগানোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান। শহরে যারা থাকেন তারা ব্যালকনিতে ছোট একটা গাছও লাগাতে পারেন। সরকারি অফিসগুলোতেও ছাদ বাগান করতে বলেন তিনি।
এ সময় পরিবেশে রক্ষায় আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।
বুধবার (১৫ জুন) গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
গণভবন চত্বরে ছাতিম সফেদা ও হরিতকির চারা রোপণ করেন তিনি এ সময়।
আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচিও পদক্ষেপ নিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে।
তিনি বলেন, ১৯৮৫ সাল থেকে ১ আষাঢ় থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সারা দেশে এই কর্মসূচি পালন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে, দলীয় ও সরকারি উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কক্সবাজার সমুদ্র উপকূলে ঝাউবন স্বাধীন বাংলাদেশে জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয়।
এ সময় কৃষক লীগের সভাপতি সমীল চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ বিটু উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














