শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশ: ২০১৬-০৩-০২ ১৬:২৯:০২


Shawkat Mahmudরাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিযেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা সিএমএম আদালতের বিচারক এসএম মাসুদ জামান এ আদেশ দেন। এর আগে, নাশকতা, হত্যা চেষ্টা ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত এক মামলায় গ্রেফতার দেখিয়ে শওকত মাহমুদকে ৭ দিনের রিমান্ড চান শাহবাগ থানার এসআই সুব্রত গোলদার।

এদিন, শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহ আলম তালুকদার ও সিনিয়র এসি (প্রসিকিউশন) মিরাশ উদ্দিন। অন্যদিকে, শওকত মাহমুদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

মামলার এজহারে বলা হয়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলা ছাড়াও গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ করে নাশকতা চালায় তারা।

এ ঘটনায় ওই সময় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। তখন মামলায় আসামি হিসেবে শওকত মাহমুদের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয়।

সানবিডি/ঢাকা/এসএস