দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৬ ১১:৫৫:১৩


চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু করতে যাচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যার নাম মেট্রো রেল লাইন-১ বা এমআরটি-১।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত রেললাইন যাবে মাটির নিচ দিয়ে এবং নতুনবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত হবে উড়ালপথ। যদিও চলতি বছরের জুলাইয়ে এই মেট্রো রেলের (এমআরটি) মাঠ পর্যায়ে কাজ শুরু হওয়ার কথা ছিল।

বুধবার (১৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে ‘এমআরটি লাইন-৬ এর অগ্রগতি ও সম্ভাবনা সংক্রান্ত সেমিনার এবং এমআরটি লাইন-১ এর লাইসেন্স হস্তান্তর’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ডিএমটিসিএল।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই উড়াল ও পাতালপথের সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এমআরটি-১ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এটি হবে ৩১ দশমিক ২৪ কিলোমিটার। ২০২৬ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।