বন্যার্তদের জন্য ২৬ হাজার খাবারের প্যাকেটসহ নগদ অর্থ বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৭ ২০:২৩:৫৫
সিলেট ও রংপুর অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য ২৬ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, নগদ টাকা এবং চাল বরাদ্দ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৬ জুন) এ বরাদ্দ দেওয়া হয় বলে শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতিটি প্যাকেটে চাল-ডাল-তেল-লবণ চিনিসহ যে খাদ্য সামগ্রী রয়েছে তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট জেলায় ২০০ টন চাল, ৩০ লাখ নগদ টাকা এবং ৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ।
সুনামগঞ্জ জেলার জন্য নগদ ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, নেত্রকোনা জেলার জন্য ১০০ টন চাল, ১০ লাখ নগদ টাকা এবং ৩ হাজার শুকনো ও অন্যান্য খাবার প্যাকের বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া কুড়িগ্রাম জেলায় নগদ ১০ লাখ টাকা এবং এক হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুরে তিন হাজার এবং নীলফামারী জেলার জন্য তিন হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দ করা নগদ অর্থ শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














