প্রায় ৬০০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৯ ১৭:৪৭:৩০


করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৯৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত গিয়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে।

রোববার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত একদিনে করোনায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত।

এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৮০৭ জন।

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ৭৪ এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ১৯১টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪২ লাখ ২৫ হাজার ৩০১টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যুর ঘটনা।