পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হোটেল-মেসে তল্লাশির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৯ ২১:৫৬:২৯
পদ্মা সেতু উদ্বোধন ও আসন্ন রথযাত্রা উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা এড়াতে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (১৯ জুন) বিকেল ৩টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।
মোহা. শফিকুল ইসলাম বলেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন, আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, তা প্রতিরোধে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যেসব এলাকায় গরুর হাট বসবে, সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপপুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














