ইসির ডাকে আজও সাড়া দেয়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২১ ১৬:০৬:২৮


ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) যাচাইয়ের জন্য নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফায় ১৩ দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দল ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি। বাকি আটটি দল নিয়ে সভা করছে কমিশন।

প্রথম ধাপে ১৯ জুন ১৩ দলকে আমন্ত্রণ জানালেও ড. কামাল হোসেনের গণফোরাম, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ও আন্দালিব রহমান পার্থ’র বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি এর কোনো প্রতিনিধি ওই সভায় অংশ নেয়নি।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচব ভবনে বিকাল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সভাটি শুরু হয়।

দ্বিতীয় দফায় ইসির সভায় যে সব দল উপস্থিত রয়েছে: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

যে সব দল ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

এদিকে ইভিএম যাচাইয়ের প্রথম সভায় ১৩ দলকে টেকনিক্যাল পার্সনসহ আমন্ত্রণ জানানো হলেও সে অনুষ্ঠানে ১০ টি রাজনৈতিক দল অংশ নিলেও তাদের সাথে কোনো টেকনিক্যাল পার্সন ছিল না। তবে আজকে উপস্থিত কয়েকটি দলের সাথে টেকনিক্যাল পার্সন র‍য়েছে বলে জানান দলগুলোর প্রতিনিধিরা।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।