সিলেট-সুনামগঞ্জে বন্যা
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২২ ২০:৪৫:৪৫
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যায় দুর্গতদের সহায়তায় যুক্তরাজ্য ৫ কোটি এবং যুক্তরাষ্ট্র ২ দশমিক ৩ কোটি টাকার জরুরি ত্রাণ তহবিল গঠন করেছে। বুধবার (২২ জুন) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ হাইকমিশন জানায়, সিলেটের বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তার জন্য যুক্তরাজ্য পাঁচ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। এ নিয়ে গত কয়েক সপ্তাহে বন্যা দুর্গতদের জন্য ৭ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে ব্রিটেন।
বাংলাদেশের নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, ‘বাংলাদেশে এ বছর বন্যার যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি তা হৃদয়বিদারক। আমরা আজ যে জরুরি তহবিল প্রকাশ করেছি তা নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি ও স্যানিটেশন এবং শিক্ষা উপকরণের মাধ্যমে অসহায়দের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।’
এ বিষয়ে যুক্তরাজ্যের দূতাবাস থেকে জানানো হয়, স্বশাসিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টার্ট নেটওয়ার্কে মাধ্যমে জরুরি এই ত্রাণ সহায়তার অর্থ ছাড় করা হবে। সেখান থেকে ক্রিস্টিয়ান এইড, কারিতাস বাংলাদেশ, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুলাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ বন্যায় দুর্গতের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিবে।
অন্যদিকে, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়ছে, দেশে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও জনগোষ্ঠীর জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ২ দশমিক ৩ কোটি টাকার (আড়াই লাখ ডলার) তহবিলের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এ তহবিল দেওয়া করা হবে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান হেলেন লাফেভ বলেন, বাংলাদেশের বহু এলাকা রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বিপর্যয়কর বন্যা মোকাবিলা করছে। গত ১২০ বছরের বেশি সময়েও দেশটিতে এ ধরনের পরিস্থিতি দেখা যায়নি। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবার ও জনগোষ্ঠীর মধ্যে জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ইউএসএআইডি’র মাধ্যমে যুক্তরাষ্ট্র ২ দশমিক ৩ কোটি টাকা জরুরি তহবিল প্রদান করছে।
দূতাবাস বলছে, আমরা বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কাছে জরুরি সহায়তা প্রদানের জন্য স্থানীয় পর্যায়ে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














