লুটেরাদের আড়াল করতেই ১১৬ আলেমের বিরুদ্ধে প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-২৬ ২১:১৮:৪২
লুটেরাদের আড়াল করার জন্য গণতদন্ত কমিশন নামে যাদের কোনো ভিত্তি নেই, তারা ২২০০ পৃষ্টার প্রতিবেদন দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
রোববার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ফিরোজ রশীদ বলেন, হঠাৎ করে দেখলাম গণতদন্ত কমিশনের নামে একটি সংগঠন, যাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই, তারা ২২’শ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করলো দেশের ১১৬ জন আলেমের নামে। তাদের কাছে কী আছে? এই আলেমদের কি ঢাকা শহরে কোনো বাড়িঘর আছে? ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা- কোথায় তাদের বাড়ি? লক্ষ্য লক্ষ্য, হাজার হাজার কোটি টাকা তারা কোথায় পাচার করছেন? মানি লন্ডারিং মামলা তাদের বিরুদ্ধে কেন হবে?
তিনি বলেন, এই যে খোঁচা দেয়, সামনে আমাদের নির্বাচন। এদের (গণতদন্ত কমিশন) পেছনে কি লোক আছে? এদের পিছে কি ভোট আছে? এরা ২২’শ পৃষ্ঠার একটা প্রতিবেদন করলো। সারাদেশে ঘুরলো এই করোনার মধ্যে দুই বছর- এই টাকাটা তারা কোথায় পেলো? এই টাকার উৎস কোথায়? এইটাও আমরা জানতে চাই।
তিনি বলেন, বাজেট পড়ে বলা যায়, সুখে থাকা মানুষগুলো বোঝে না গরীবের দুঃখ-কষ্ট কী; স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কত নির্মম, কত কঠিন। অর্থমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। একজন স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। প্রথম শ্রেণীর ধর্ণাঢ্য শিল্পপতি। সর্বোপরি উনি বাংলাদেশের অর্থমন্ত্রী। যেকোনো জটিল হিসাব ওনার কাছে মিলিয়ে দেওয়া অত্যন্ত সহজ। এই বাজেটেই তার প্রতিফলন আমরা দেখলাম। অর্থমন্ত্রী এই বাজেটে তেল আর জল এমন সুক্ষ্মভাবে মিশিয়েছেন যে, তা আর আলাদা করা সম্ভব নয়। ধনীদের চেহারা সামনে রেখে উনি এই বাজেট প্রণয়ন করেছেন। ওই সময় মনে হয় ওনার কাছে গরীবের অংকটা একদমই ছিল না।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














