এসআই নিয়োগের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ৮৭৫ জন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৮ ১৯:২৭:৫৫


পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২০২১ এর এই নিয়োগ পরীক্ষায় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ জন প্রার্থীর মধ্য থেকে জাতীয় মেধার ভিত্তিতে ৮৭৫ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) চূড়ান্ত এই ফলাফল প্রকাশ করা হয়। বিস্তারিত ফলাফল www.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

পুলিশ সদর দপ্তর জানায়, সুপারিশকৃত প্রার্থীদের ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বিবেচিত হলে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম এসআই ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকালে অধিকতর সক্ষম ও কম্পিউটার প্রশিক্ষিত ক্যাডেট এসআই পদে সেরাদের সেরা প্রার্থী নিয়োগ করা সম্ভব হয়েছে, যার সুফল দেশ ও দেশের জনগণ ভোগ করবেন বলে মনে করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এএ