প্রকল্পের বাড়তি খরচ দিয়ে আরেকটি পদ্মা সেতু করা সম্ভব: সিপিডি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৯ ২১:১৯:৫৬
২০২১-২২ অর্থবছরে ৩১টি প্রকল্প সংশোধনের ফলে খরচ বেড়েছে ২৯ হাজার ৪৭১ কোটি টাকা। বাড়তি এই খরচের টাকায় একটি পদ্মা সেতু করা সম্ভব বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এসময় বার বার সংশোধন ও সময়মতো প্রকল্প বাস্তবায়ন না করার ফলেই এই খরচ বেড়েছে বলে দাবি করেন তিনি।
বুধবার (২৯ জুন) ‘ইমপ্লিমেন্টেশন অব পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন বাংলাদেশ ইন শিওরিং গুড ভ্যালু ফর মানি’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বার বার প্রকল্প সংশোধন হয়, সময় বাড়ানো হয়। সময় বৃদ্ধি মানেই ব্যয় বৃদ্ধি। ২০২২-২৩ অর্থবছরের জন্য যে বাজেট উপস্থাপিত হয়েছে, সেখানে এক হাজার ৩৫৬টি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নেওয়া হয়েছে। এর মধ্যে টেকনিক্যাল অ্যাসিসটেন্স বাদ দিলে এক হাজার ২৫০টি প্রকল্প থাকে। এগুলো বিভিন্ন সামাজিক অবকাঠামো, সড়ক, সেতুসহ নানা উন্নয়নমূলক কাজ। এসব প্রকল্পে লাখ লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে এগুলো বাস্তবায়িত হবে। তবে যদি সুশাসনের সঙ্গে সময়মতো এসব প্রকল্প বাস্তবায়ন করা যায় তবে দেশের জন্য মঙ্গল। এতে যে অর্থ সাশ্রয় হবে তা দিয়ে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তিনি।
সিপিডির এই ফেলো আরও বলেন, পদ্মা সেতুর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক হাজার ২৫০টি অবকাঠামো ও বিভিন্ন আর্থ-সামাজিক প্রকল্প ২০২২-২৩ অর্থবছরে ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, ২৫০ বিলিয়ন মার্কিন ডলার অবকাঠামো উন্নয়নে জড়িত। সঠিক মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারলে এসডিজি অর্জনে অনেকখানি এগিয়ে যাবো। আমরা যে প্রবৃদ্ধি করতে চাচ্ছি, ২০৩৩ সালের মধ্যে এসব বাস্তবায়ন করলে তা অর্জন করতে পারবো। যদি ভালোভাবে প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে প্রাইভেট খাত আরও আকৃষ্ট হবে বেলে মনে করেন এই গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র বিশেষ ফেলো।
তিনি বলেন, আমরা ২০২১-২২, ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি দেখি তাহলে দেখা যায়, এডিপিতে অনেক প্রকল্প সংশোধন করা হয়েছে। এর সংখ্যা কিন্তু কম নয়। দেখা যায় নানা প্রকল্প এক থেকে তিনবার পর্যন্ত সংশোধন করা হয়েছে। এতে এসব প্রকল্পের ব্যয় বেড়ে যায়।
সিপিডি ও দ্যা এশিয়ান ফাউন্ডেশন সংলাপের আয়োজনে সংগঠনটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনা সংলাপে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এস্টিমেটের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান প্রমুখ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














