রাজনীতি ছাড়া শিক্ষকদের প্রমোশন হয় না: কাজী ফিরোজ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-৩০ ২০:০৯:০৯
জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, শিক্ষকরা এখন রাজনীতিতে জড়িত হয়ে পড়েছেন। রাজনীতি ছাড়া তাদের প্রমোশন হয় না। এক শ্রেণির ছাত্ররা রাতারাতি মাস্তান হয়ে যায়। শিক্ষার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি বলেন, মেয়েরা বোরকা পরে মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের তো ইসলামী ধর্ম শিক্ষা দিচ্ছে। একজনের কোরআনের হাফেজের জন্য মিনিমাম আট ঘণ্টা পড়াশুনা করতে হয়। এটা আমাদের ধর্মীয় শিক্ষা।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।
কাজী ফিরোজ রশীদ বলেন, আধুনিক শিক্ষা বানাবেন, আর আপনি হাফপ্যান্ট আর গেঞ্জি পড়িয়ে ছেড়ে দিবেন, এগুলো তো হবে না এই দেশে। এগুলো বাদ দিয়ে আসল শিক্ষায় আসেন।
এ সময় প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে তিনি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটির আধুনিক মেয়েদের হাতে এখন চা ও সিগারেট দেখি। তাদের এক হাতে কাপ ও অন্য হাতে সিগারেট। এটা কোন সংস্কৃতি ও কোন শিক্ষা!
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ চরম নৈরাজ্য চলছে। আমরা দেখেছি বুয়েটের মত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা লেখাপড়ার করার জন্য ভর্তি হয়। তাদের মধ্যে দেখি আবরারের মতো সহপাঠিদের পিটিয়ে মারা হয়। তখন অবাক হই শিক্ষা প্রতিষ্ঠানে কী হয়।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর ছিলেন, যার কোনো ডক্টরেট ডিগ্রি নেই। কারণ তিনি রাজনৈতিক বিবেচনায় ভাইস চ্যান্সেলর।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














