আইসিইতে বেড়েছে আরাবিকা কফির দাম, কমেছে চিনির
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৩ ১৪:৫২:৩৮
টানা তিন সেশনে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) বেড়েছে অ্যারাবিকা কফির দাম। এক সপ্তাহে পানীয় পণ্যটির সর্বোচ্চ প্রবৃদ্ধির দৃশ্য এটি। শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা ও আইসিইতে মজুদ কমে আসায় এমনটা দেখা যায়। অন্যদিকে একই সময়ে কমেছে অপরিশোধিত ও সাদা চিনির দাম। খবর রয়টার্স।
সেপ্টেম্বরে সরবরাহের জন্য প্রতি পাউন্ড অ্যারাবিকা কফির দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ ডলার ৩৬ সেন্ট, যা ২৩ জুনের পর পানীয় পণ্যটির সর্বোচ্চ দর। ডিলাররা বলছেন, ব্রাজিলে চলতি মৌসুমের ২৫ শতাংশ কফি সংগ্রহ করা হয়েছে ২১ জুনের মধ্যে। অপরিপক্ব ফল ও শ্রমিক সংকটের কারণে কফি সংগ্রহের পরিমাণ গড় গতির চেয়ে কমে এসেছে।
এ সময়ে আইসিইতে রোবাস্তা কফির দাম দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি টন ২ হাজার ৩৮ ডলার। অন্যদিকে আইসিইতে কফির মজুদ নেমে এসেছে ২২ বছরের সর্বনিম্নে।
আগস্টে সরবরাহের জন্য অপরিশোধিত চিনির দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি পাউন্ড দাঁড়িয়েছে ১৮ ডলার ৪৫ সেন্ট। জুলাইয়ে সরবরাহের জন্য ৩০ জুন সমাপ্ত হওয়া চুক্তিতে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনির দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ ডলার ৮৩ সেন্ট। একই সময়ে সাদা চিনির দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি টনের দাম দাঁড়ায় ৫৫৫ ডলার।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














