অনুষ্ঠিত হল আইআরএফ সদস্যদের দিনব্যাপী কর্মশালা
প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১৯:০৫:২৩
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে একদিনের প্রশিক্ষণ নিয়েছে বিমা বিটের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)।
শনিবার পিআইবি সেমিনার কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা চলে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর।
ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি গোলাম সামদানীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রাক্তন সচিব খাজা গোলাম আহম্মেদ। পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করছেন বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ খন্দকার লিয়াকত আলী।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কোর্স প্রথমবারের মতো পিআইবি আয়োজন করছে। আগে শুধু সরকারি কর্মকর্তারা সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ করতে পারত। এখন এই প্রশিক্ষণটি সাংবাদিকদের জন্যও উম্মুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সংবাদিকরা সরকারি ক্রয়সংক্রান্ত বিষয়ে কোথায় দুর্নীতি হচ্ছে তা জানতে পারলে রিপোর্ট করা আরো সহজ হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী আনোয়ারুল হক, সদস্য রেজাউল হক কৌশিক ও মৌসুমি ইসলাম। সভাশেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কমর্রত আইআরএফ’র ২৪ জন সদস্য অংশগ্রহণ করেন।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














