বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-১৭ ১৮:০০:১৭
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার (১৫ জুলাই) ওয়াশিংটন ডিসির ম্যারিল্যান্ডে ‘বাংলাদেশ হাউজে’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
শাহরিয়ার আলম বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে সহায়তা পেয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।
রোববার (১৭ জুলাই) ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বাংলাদেশে অবস্থানকালে তার চমৎকার সময় কাটানোর কথা স্মরণ করে আশা প্রকাশ করেন যে- দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় থাকবে।
সহিদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা, মার্কিন সরকার ও স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














