ঢাকায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০২ ১২:০৪:০৭


শোকাবহ অগাস্ট মাস উপলক্ষে দেশের এক কোটি এক লাখ নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে টিসিবির ডিলারের দোকান থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

১ আগস্ট সোমবার থেকে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে এ পণ্য বিক্রির কথা ছিল। কিন্তু অধিকাংশ জেলায় ওইদিন শুরু করতে পারেনি টিসিবি।

একজন কার্ডধারী ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এক কোটি পরিবারকে দিচ্ছি। বিভিন্ন ইউনিয়নে দিচ্ছি। তিন হাজার ডিলার আছে। এক কোটি জনকে দিচ্ছি মানে এক কোটি পরিবার।

টিসিবি ফ্যামিলি কার্ডের জন্য অনেকে টাকা নিচ্ছে- এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমাদের কাছে সে রকম কোনো খবর নেই। টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই উঠে না। এ রকম যদি দেয়, তাহলে আমরা দেখব।

‘আমরা চাই ফেয়ার অবস্থা থাকুক। যদি কোনো অনিয়ম থাকে, উদ্যোগের অভাব থাকে, কোনো কারণে যদি পিছিয়ে থাকে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

এনজে