পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জহরত আদিব

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১০ ২০:৫৯:৫৫


পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরীকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সরকারি দলের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

পুনর্গঠিত কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত এবাদুর রহমান চৌধুরীর কন্যা।

জহরত আদিব চৌধুরী সাবেক সচিব ব্যারিস্টার মো. হায়দার আলীর ছেলে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী।

কমিটির সদস্যরা হলেন-ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম।

বিএইচ