ঢালাই কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৪

প্রকাশ: ২০১৬-০৩-১২ ১৯:১৫:২১


শ্যামপুররাজধানীর শ্যামপুরের বড়ইতলা এলাকায় একটি ঢালাই কারখানার ভাট্রি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন এক শ্রমিক। আজ শনিবার বিকালে এ ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ও আহতরা হলেন- বিল্লাল হোসেন (৩০), এনামুল হক (৩৫), মিজানুর রহমান (২০), মজিবুর রহমান (৪০) ও রুবেল (১৫)।

দগ্ধ মজিবুর রহমান বলেন, আমরা সবাই শ্রমিক। আজ শনিবার বিকাল পৌনে চারটার সময় কারখানার মধ্যে কাজ করছিলাম। হঠাৎ একটি ভাট্রি বিস্ফোরণে আমার মাথা ফেটে যায় এবং বাকিরা আগুনে দগ্ধ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বলেন, এদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ বিল্লাল হোসেনের শরীরের  ৪৮ শতাংশ, এনামুল হকের ৪০ শতাংশ, মিজানুর রহমানের ৬৫ ও রুবেলের ৯ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ শনিবার বিকাল পাঁচটার দিকে দুইজন শ্রমিক এদেরকে হাসপাতালে রেখে চলে যায়। পরে আমরা তাদের চিকিৎসার সব ব্যবস্থা করি।

সানবিডি/ঢাকা/আহো