জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ব্যাংক
আপডেট: ২০১৬-০৩-১৪ ১৭:০১:৫৬
পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই বৈঠকে বোর্ডের নতুন দুই সদস্য যোগ দেওয়ার কথা রয়েছে। ব্যাংক সূত্রে আরও জানা গেছে, আগামীকালের জরুরি বৈঠকে মূলত রিজার্ভ থেকে অর্থ চুরি এবং এ সংক্রান্ত তদন্ত কাজের অগ্রগতির সম্পর্কে আলোচনা হবে।
আজ সোমবার এক ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এই তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক পরিচালনা জরুরি পর্ষদের সভা হবে। গত ৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হয়েছিল। সেখানেও এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামীকালের বৈঠকেও অন্যান্য আলোচ্যসূচির পাশাপাশি এ বিষয়টি গুরুত্ব পাবে। আমরা সক্রিয় ও সজাগ আছি।
ফিলিপাইনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, যে ব্যাংকের মাধ্যমে রিজার্ভের অর্থ স্থানান্তরিত হয়েছে, সে ব্যাংক যথাযথ নিয়ম না মেনেই এই কাজ করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক যে তদন্ত দল নিয়োগ দিয়েছে তারা কাজ করছে। এতে অগ্রগতিও আছে, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু প্রকাশ করা যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের আইটি দুর্বলতার কারণেই রিজার্ভের অর্থ চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেন অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসানের সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি অভিযোগ করেন, রিজার্ভের টাকা চুরির পর কমপক্ষে ৩ বার বাংলাদেশ ব্যাংক এলেও পরিচালনা পর্ষদের সদস্য হওয়া স্বত্বেও তাকে কিছু জানানো হয়নি।
এরপর বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমানকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে আগামীকালের জরুরি বৈঠকে পরিচালনা পর্ষদের নতুন ২ সদস্য যোগ দেবেন কি না- সে বিষয়ে কিছু জানাননি শুভঙ্কর সাহা।
প্রসঙ্গত, গত মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় স্থানান্তরিত করে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে একে হ্যাকিং হিসেবে অভিহিত করা হলেও এতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














