রিজার্ভের টাকা চুরির ঘটনায় ঢাকায় মামলা
প্রকাশ: ২০১৬-০৩-১৫ ১৯:১৭:১১
রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বিকেলে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক মো. জোবায়ের বিন হুদা বাদী হয়ে এই মামলা করেছেন। মতিঝিল থানা সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামাদের আসামি করে মুদ্রা পাচার প্রতিরোধ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে।
এদিকে রিজার্ভের টাকা চুরির ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
এর আগে আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন আতিউর রহমান। এর পরেই সাবেক অর্থ সচিব ফজলে কবীরকে নতুন গভর্নর করার কথা জানান অর্থমন্ত্রী।
এর কিছু পরেই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যহতি দেওয়া হয়। তার কিছু পরে জানা যায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ড. আসলাম আলমকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার ফিলিপাইনের পত্রিকা ইনকোয়ারারের প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নিতে চেয়েছিল হ্যাকাররা। এ প্রচেষ্টায় দুই ধাপে প্রায় ১০১ মিলিয়ন ডলার লোপাট করলেও ৮৭০ মিলিয়ন ডলার পাচারে ব্যর্থ হয় তারা।
এতে আরও জানানো হয়েছিল, সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করা অর্থ ফিলিপাইন ও শ্রীলঙ্কার ব্যাংকে স্থানান্তরিত হয়। এর মধ্যে ফিলিপাইনের অ্যাকাউন্টে নেওয়া ৮ কোটি ডলার ক্যাসিনোর মাধ্যমে হংকংয়ে পাচার করা হয়েছে।
ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির ঘটনা তদন্ত করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কোম্পানি ফায়ারআই। বাংলাদেশ ব্যাংকের পরামর্শক ওয়ার্ল্ড ইনফরমেটিক্সই অর্থ লোপাটের তদন্তে ফায়ারআইকে সম্পৃক্ততার কথা জানিয়েছে রয়টার্স।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














