জেনে নিন তথ্যপ্রযুক্তিবিদ জোহা আসলে কোথায়?
আপডেট: ২০১৬-০৩-১৮ ২১:০৯:১৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে গ্রেপ্তার করতে পারে, তবে আমি নিশ্চিত নই।
গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরির আসল ঘটনা প্রকাশ ও তদন্তের নামে বিদেশিদের হাতে তথ্য তুলে দেয়ার ঝুঁকির কথা জানিয়ে রোষাণলে পড়া তথ্য প্রযুক্তিবিদ তানভির হাসান জোহাকে অপহরণের অভিযোগ করে তার পরিবার।
বৃহস্পতিবার জোহার চাচা বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক মাহবুবুল আলম অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে বাসায় ফেরার সময় জোহার সাথে তার বন্ধু ছিলেন ইয়ামির আহমেদ। তিনিই ফোন করে জোহার অপহরণের ঘটনা জানান তার পরিবারকে।
মাহবুবুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশকে জানাতে আমরা কলাবাগান থানায় যাই। কলাবাগান থানা পুলিশ আমাদের জানায়, অপহরণের এলাকা কাফরুল থানা এলাকায় আপনারা সেখানে যান।
তিনি আরো বলেন, সেখানে গেলে কাফরুল থানা পুলিশ আমাদের ক্যান্টনমেন্ট থানায় পাঠায়। সেখান থেকে পুলিশ আবার আমাদের ভাসানটেক থানায় পাঠায়।
মহবুবুল আলম বলেন, ভাসানটেক থানা পুলিশও দাবি করে এই ঘটনাস্থল তাদের এলাকায় পড়ে না। তাই হতাশ হয়ে আমরা স্বজনরা বাসায় ফিরে আসতে বাধ্য হই।
বুধবার দিনগত রাত ১২টার দিকে রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের বিষয়টি নিয়ে পুলিশের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সাহায্য পায়নি জোহার পরিবার। কোনো থানাই অপহরণ স্থল তাদের আওতায় বলে স্বীকার করেনি।
জোহার স্বজনরা জানান, বুধবার অফিস থেকে বাসায় ফেরার আগে স্ত্রীর সাথে ফোনে কথা হয় তার। এর আগে দুইদিন তিনি বাসায় ফেরেননি।
অফিস থেকে বের হওয়ার পর সিএনজিতে ওঠেন জোহা। কচুক্ষেত এলাকায় দুই-তিনটি গাড়ি তার সিএনজিকে ঘিরে ধরে। এরপর থেকে তার কোনো হদিস নেই।
প্রসঙ্গত, রিজার্ভ চুরির ঘটনায় জোহার সাথে প্রথম থেকেই তথ্য ও উপাত্ত নিয়ে অমিল হয় বাংলাদেশ ব্যাংকের আইটি কনসালটেন্ট ভারতীয় রাকেশ আস্তানার সাথে। এসময় জোহার অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি রাকেশ আস্তানা।
উল্লেখ্য তানভির হাসান জোহা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন)। তবে এই প্রকল্পটি গত দুই মাস ধরে স্থগিত রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিভার্জ থেকে ৮০০ কোটি টাকা চুরির ঘটনা তদন্তের জন্য কাজে জোহাকে নিয়োগ দেয়া হয়।
এরপর বাংলাদেশের রিজার্ভ চুরির আসল ঘটনা প্রকাশ ও তদন্তের নামে বিদেশিদের হাতে তথ্য তুলে দেয়ার ঝুঁকির কথা জানিয়ে রোষাণলে পড়েন তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














