এক মাস কথা বলবেন না ফরাস উদ্দিন

প্রকাশ: ২০১৬-০৩-২০ ২১:৫৮:১০


faras-230x155বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে আগামী এক মাস গণমাধ্যমের সাথে কোনো কথা বলবেন না তদন্ত কমিটির প্রধান ফরাস উদ্দিন। রোববার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় কমিটির প্রথম  বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে চলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আমি আগামী এক মাস এ ব্যাপারে কোনো কথা বলব না। কথা বললে তদন্ত ব্যাহত হবে।’

তদন্তের স্বার্থে ফিলিপাইনে বা যুক্তরাষ্ট্রে যেতে হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা পরে দেখা যাবে। এখনো ঠিক করিনি। কমিটি কার্যবিধি অনুসারে কাজ করবে ও যথাসময়ে প্রতিবেদন দেবে।’

বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, মাত্র ২০ মিনিট প্রথম বৈঠক হয়েছে।কমিটিতে আরও সদস্য নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, প্রয়োজন বোধ করছি না।’

প্রসঙ্গত, গত মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় স্থানান্তরিত করে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে এ টাকা চুরি করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের ব্যর্থতা খতিয়ে দেখতে গত ১৫ মার্চ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটির বাকি সদস্যরা হলেন বুয়েটের শিক্ষক মোহাম্মদ কায়েকাবাদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব গকুল চাঁদ দাশ। এ কমিটিকে ৩০ দিনের মধ্যে আন্তবর্তীকালীন রিপোর্ট ও ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো